বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি এলাকায় সোমবার (৬ এপ্রিল) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি বা বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কিছু অংশে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।