মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি পরিবার ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
১৯৪৯ সালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক। শিক্ষাজীবন শেষে তিনি সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।
তার সময়েই জাফরগঞ্জ বেরীবাঁধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। নির্বাচনি এলাকায় অবকাঠামো উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।