সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সরকারের পক্ষ থেকে নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য আগে একটি কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এর নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের ওই কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।
প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে।
কমিশনের হিসাবে, এই প্রস্তাব বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, আজকের বৈঠকে বেতন বৃদ্ধির হার, বাস্তবায়নের সময়সূচি এবং অর্থায়নের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।