আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। শুরুর এক দিন আগে, অর্থাৎ ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্বাধীন পর্তুগাল দল। এ তথ্য নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে শেষ পর্যায়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন তারা চিলি-এর বিপক্ষে লিসবনের ওয়েইরাসে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে। যদিও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি, তবে পর্তুগিজ গণমাধ্যমের খবর অনুযায়ী এটি লেইরিয়া শহরে অনুষ্ঠিত হতে পারে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পর্তুগাল সম্প্রতি দুটি ম্যাচও খেলেছে। গত শনিবার মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র এবং মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে ২–০ গোলে হারিয়েছে তারা। তবে ইনজুরির কারণে এই ম্যাচগুলোতে অংশ নিতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক রোনালদো।
এ বছরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তে। পর্তুগাল গ্রুপ ‘কে’-তে আছে। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গো-র বিপক্ষে খেলেই তারা বিশ্বকাপ শুরু করবে। গ্রুপে তাদের অন্যান্য প্রতিপক্ষ উজবেকিস্তান এবং কলম্বিয়া।