ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুস জানায়, আগের দিন মঙ্গলবার (৩১ মার্চ) এই দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয় এবং আজ শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
সংগঠনটির মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে, ফলে দাম বাড়ানো হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।