দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি ফেরাতে ধারাবাহিকভাবে তেলবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। এবার সিঙ্গাপুর থেকে প্রায় ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
শুক্রবার ভোররাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকারেজে পৌঁছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এটি ডলফিন জেটিতে ভেড়ানোর অপেক্ষায় রয়েছে এবং দ্রুত বার্থিংয়ের ব্যবস্থা করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানান, জ্বালানি সরবরাহ সচল রাখতে জাহাজটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে, একই দিনে রাতে মালয়েশিয়া থেকে আরও একটি জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’ প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি এলএনজি বহনকারী আরও একটি জাহাজ আসার সম্ভাবনাও রয়েছে আগামীকাল।
জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে আসা জাহাজটিতে ২৭ হাজার টনের বেশি ডিজেল রয়েছে এবং এটি দ্রুত খালাসের জন্য প্রস্তুত করা হচ্ছে।
বন্দর সূত্র জানায়, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে মোট ৩৩টি জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল, এলএনজি ও এলপিজি বহনকারী জাহাজ অন্তর্ভুক্ত ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকভাবে জ্বালানিবাহী জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে।