যশোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হীরা ও বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে সুজাউদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।
বিকেলে যশোরে বিজিবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫৫.৬৭ গ্রাম ওজনের একাধিক ডায়মন্ড উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার ও থাই বাথসহ বিভিন্ন দেশের মুদ্রা, একটি মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সবকিছুর মোট মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এসব হীরা অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন। এর আগে তিনি একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।
বিজিবি কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত হীরা ও বৈদেশিক মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।