মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক। কিন্তু সেই ভুলের পর যখন কেউ অনুতপ্ত হয়ে ফিরে আসে, ক্ষমা প্রার্থনা করে বা নিজের সীমাবদ্ধতা স্বীকার করে তখন তার হৃদয় হয়ে ওঠে কোমল ও সংবেদনশীল। এই মুহূর্তেই তার সামনে দাঁড়িয়ে যায় দুটি পথ ক্ষমা অথবা কঠোরতা। আর এখানেই একজন প্রকৃত মুমিনের চরিত্রের পরীক্ষা হয়।
ইসলাম মানুষের সঙ্গে আচরণকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিশেষ করে কেউ যখন নিজের ভুল বুঝে লজ্জিত হয়, তখন তাকে সম্মান করা, তার অবস্থাকে বোঝা এবং ক্ষমা করে দেওয়া এসবই একজন মুমিনের উত্তম গুণ।
পক্ষান্তরে, কোনো ব্যক্তি যদি অন্যের ওজর বা অনুতাপকে অগ্রাহ্য করে, তা শুধু কঠোরতার পরিচয় নয় বরং তা গুনাহের পর্যায়ে পৌঁছে যায়। পবিত্র কোরআন-এ আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগ সংযত করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন (সুরা আলে ইমরান: ১৩৪)।
অন্য আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে, “আপনি ক্ষমা করুন, সৎকাজের আদেশ দিন এবং অজ্ঞদের থেকে মুখ ফিরিয়ে নিন” (সুরা আরাফ: ১৯৯)।
এই শিক্ষাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে, ইসলাম ক্ষমা, সহনশীলতা ও মানবিকতার ধর্ম। অন্যের ভুলকে ক্ষমা করে দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ।
হাদিস শরিফে হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার ভাইয়ের ওজর গ্রহণ করে না, সে অন্যায়ভাবে কর আদায়কারীর মতো অপরাধী” (সুনানে ইবনে মাজাহ: ৩৭১৮)।
এই হাদিস আমাদের শেখায় অন্যের অনুতাপ ও অসহায়তাকে অস্বীকার করা মানবিকতার ঘাটতি এবং হৃদয়ের কঠোরতার পরিচায়ক।
অতএব, একজন মুমিনের উচিত অন্যের ভুলের প্রতি সহানুভূতিশীল হওয়া, ক্ষমার দৃষ্টিতে দেখা এবং নিজের অন্তরকে কোমল রাখা। কারণ আমরা যেমন মানুষের কাছে ক্ষমা প্রত্যাশা করি, তেমনি আল্লাহর কাছ থেকেও ক্ষমা চাই। আর আল্লাহ তাদেরই ভালোবাসেন, যারা অন্যকে ক্ষমা করে।