আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি।
সম্প্রতি বুয়েনস এইরেসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেসির অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে তার নিজের সিদ্ধান্তের ওপর।
স্কালোনি জানান, “লিও যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, সেটি আমাদের জন্য সম্মানের হবে। আমরা চাই সে যেন স্বাচ্ছন্দ্যে খেলে এবং উপভোগ করে।”
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। ওই ম্যাচে গোলও করেন মেসি। জাতীয় দলের জার্সিতে এটি তার ১১৬তম গোল, আর ক্যারিয়ারে মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯০২-এ।
বর্তমানে ইন্টার মায়ামি-এর হয়ে খেলা মেসি এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি, তিনি শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবেন কি না।
স্কালোনি আরও বলেন, বিশ্বকাপটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং প্রত্যেক খেলোয়াড়কে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, দলে নতুন ও পুরনো খেলোয়াড়দের সমন্বয় করা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যারা আগের বিশ্বকাপ ও কোপা আমেরিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের শূন্যতা পূরণ করা সহজ নয়।
এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। বিশ্বকাপের আগে মেসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আর্জেন্টিনা সমর্থকরা।