৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ এপ্রিল) দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশে শিক্ষকসহ সরকারি ও আধা-সরকারি বিভিন্ন খাতে প্রায় ২৩ লাখ চাকরিজীবী রয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে ৮ম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তাদের বেতন কাঠামো সংশোধন করা হয়েছিল, যা এখন প্রায় ১১ বছর পুরোনো।
এদিকে গত এক দশকে ৫০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে। ফলে বর্তমান বেতন কাঠামো আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি এনসিপির।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময়ে ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনটি বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি বৈঠক করে মতামত সংগ্রহের পর গত ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়।
তবে এখনো পর্যন্ত সেই সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে দলটি।
এনসিপি জানায়, পেশাজীবীদের অধিকার আদায়ে তারা শুরু থেকেই সোচ্চার। ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনেও তারা সক্রিয় ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দলটির মতে, সাধারণত ৫ থেকে ৬ বছর পরপর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সংশোধন করা হয়। সেখানে ১১ বছর পর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়া অনভিপ্রেত।
এই প্রেক্ষাপটে, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে এনসিপি।