দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের চিন্তা করছে সরকার। শিগগিরই সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর একটি সমন্বিত পদ্ধতি চালু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon।
মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান জ্বালানি সংকট শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত হওয়ায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হচ্ছে।
তিনি জানান, স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাস মিলিয়ে একটি সমন্বিত পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা চলছে। এতে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনাও চালু রাখা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, বিভিন্ন কারণে ক্লাসের যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে সপ্তাহে ছয় দিন পর্যন্ত ক্লাস নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে পুরোপুরি অনলাইন নির্ভর শিক্ষায় না যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এতে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে প্রভাব পড়তে পারে। তাই সবদিক বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রস্তাবগুলো চূড়ান্ত করতে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
উল্লেখ্য, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।