ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আগামী রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এই ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় মোট তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার তিন দিন পর তিনি পুনরুত্থিত হন। এই ঘটনাকে স্মরণ করেই উদযাপন করা হয় ইস্টার সানডে, যা তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।
এদিকে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে।
এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনলাইন ক্লাস চালুর বিষয়টি শিগগিরই মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সেখানে চূড়ান্ত অনুমোদন মিললে টানা ছুটির পর নতুন এই পদ্ধতিতে ক্লাস শুরু হতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।