দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি সোমবার তার পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।
এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগকারী হিসেবে একটি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান তদন্তের আবেদন জানিয়ে বিচারপতির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন।
অভিযোগে বলা হয়, কয়েকটি কোম্পানি সংক্রান্ত মামলার শুনানিতে পক্ষপাতমূলক আচরণ এবং বিচারিক ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে। একটি মামলায় সংশ্লিষ্ট আইনজীবীর উপস্থিতি ছাড়াই রায়ে তার যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে দেয় বলে দাবি করা হয়েছে।
অন্য একটি মামলায় প্রয়োজনীয় পক্ষকে অন্তর্ভুক্ত না করেই শেয়ার বাতিলের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করে বিচারপতির বিরুদ্ধে তদন্তের দাবি জোরালো হয়।
আইনজীবী মহলের মতে, অভিযোগের প্রেক্ষাপটে পদত্যাগের এই ঘটনা বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
এখনো কোনো মতামত নেই।