ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে আজ সংবিধান সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেলে শুরু হতে যাওয়া অধিবেশনের কার্যসূচিতে এ বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সংক্রান্ত বিষয়ে জনগুরুত্বপূর্ণ আলোচনা হবে আজ।
এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ৬২ বিধিতে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজকের দিনটিকে আলোচনার জন্য নির্ধারণ করেন।
আজকের কার্যসূচিতে আরও রয়েছে প্রশ্নোত্তর পর্ব। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি, ভূমি, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন।
এ ছাড়া সংসদের কার্যপ্রণালীর ৭১ বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা চলবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের অধিবেশন সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্তমূলক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখনো কোনো মতামত নেই।