প্রায় ১২ টন ওজনের কিটক্যাট চকলেটের একটি বিশাল চালান ট্রাকসহ চুরি হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী জায়ান্ট নেসলে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট চকলেট বার নিয়ে একটি ট্রাক মধ্য ইতালির একটি কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে পথেই এটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। নেসলে নির্দিষ্ট করে জানায়নি, ঠিক কোথায় ট্রাকটি নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ট্রাক বা মালামালের কোনো হদিস পাওয়া যায়নি।
কিটক্যাটের জনপ্রিয় স্লোগান ‘হ্যাভ এ ব্রেক’-এর দিকে ইঙ্গিত করে এক মুখপাত্র বলেন, “আমরা সবসময় মানুষকে কিটক্যাট দিয়ে একটু বিরতি নিতে উৎসাহিত করি। কিন্তু চোরেরা এই বার্তাকে একটু বেশিই আক্ষরিক অর্থে নিয়েছে এবং ১২ টনেরও বেশি চকলেট নিয়ে পালিয়েছে।”
নেসলে জানিয়েছে, এই ঘটনার কারণে ইউরোপের কিছু দেশের সুপারমার্কেটে কিটক্যাটের নতুন রেঞ্জের সংকট দেখা দিতে পারে। পাশাপাশি এসব চকলেট ‘অনানুষ্ঠানিক বিক্রয় চ্যানেল’ বা অবৈধ বাজারে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
তবে কোম্পানিটি জানিয়েছে, প্রতিটি চকলেট বারের প্যাকেটে থাকা অনন্য ব্যাচ কোড স্ক্যান করে চুরি হওয়া পণ্য শনাক্ত করা সম্ভব। যদি কোনো পণ্যের কোড চুরি হওয়া ব্যাচের সঙ্গে মিলে যায়, তাহলে সংশ্লিষ্ট স্ক্যানার থেকে কিটক্যাট কর্তৃপক্ষকে সতর্ক করার নির্দেশনা পাওয়া যাবে।
এই ঘটনার মাধ্যমে কার্গো চুরির ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেসলে। কোম্পানিটি বলেছে, “যদিও আমরা অপরাধীদের চমৎকার স্বাদের প্রশংসা করি, বাস্তবতা হলো কার্গো চুরি এখন সব ধরনের ব্যবসার জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
এখনো কোনো মতামত নেই।