মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নৌ কমান্ডো অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে নির্মিত চলচ্চিত্রটি প্রায় দুই বছর ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আর্কাইভে পড়ে আছে। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমার মুক্তি এখনো অনিশ্চিত।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় একাধিক বৈঠক হলেও সিনেমাটি মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার দাবি, চলচ্চিত্রটিতে ১৯৭১ সালের অপারেশন জ্যাকপটের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উপস্থাপিত হয়নি। পাশাপাশি ইতিহাসগত অসামঞ্জস্য এবং চিত্রনাট্যের দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব কারণেই সিনেমাটি মুক্তি স্থগিত রাখা হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে নেওয়া হবে। অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যে অভিযানে কেঁপে উঠেছিল পাকিস্তান
১৯৭১ সালের ১৬ আগস্ট মধ্যরাতে পরিচালিত অপারেশন জ্যাকপট ছিল মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী ও সফল গেরিলা অভিযান। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরসহ চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে একযোগে হামলা চালান নৌ কমান্ডোরা।
এই অভিযানে পাকিস্তানসহ বিভিন্ন দেশের অস্ত্র, খাদ্য ও জ্বালানিবাহী ২৬টি জাহাজে মাইন স্থাপন করে বিস্ফোরণ ঘটানো হয়, যা শত্রুপক্ষের মনোবলে বড় ধাক্কা দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
এখনো কোনো মতামত নেই।