ঈদুল ফিতরের পর রাজধানীর বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজির দামে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে কমেছে ব্রয়লার মুরগির দামও। তবে মাছের বাজারে এখনো স্বস্তি নেই।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে বরবটি কেজিতে ৪০ টাকা কমে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৫০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা এবং করলা ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কচুরলতি ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, সজনে ডাটা ৮০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে দেশি শসার দাম কমে ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ও মিষ্টি কুমড়ার দাম ৪০ টাকা কেজি রয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
অন্যদিকে শীতকালীন কিছু সবজির দাম বেড়েছে। শিম ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ৩০ থেকে ৫০ টাকা এবং গাজর ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুর দাম কিছুটা বেড়ে কেজিতে ২৫ টাকা হলেও পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে, যা ৩০ থেকে ৩৫ টাকা।
মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৪০ টাকা কমে ১৯০ টাকায় নেমেছে। সোনালি মুরগি ৩৬০ থেকে ৪০০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে মাছের বাজারে এখনো স্বস্তি নেই। ইলিশ মাছের দাম বেড়ে কেজিতে ১২০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, কাতল, চিংড়ি ও অন্যান্য মাছের দামও তুলনামূলক বেশি রয়েছে।
এখনো কোনো মতামত নেই।