১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে ঘোষিত প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি শেষ পর্যন্ত আর বাস্তবায়ন করা হচ্ছে না। মঙ্গলবার রাতেই এ সিদ্ধান্তের কথা জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এর আগে দিনের শুরুতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, গণহত্যা দিবস উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
তবে রাতে পাঠানো এক বার্তায় জানানো হয়, এ কর্মসূচি থেকে সরে আসা হয়েছে। যদিও হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
বাংলাদেশে কয়েক বছর ধরে ২৫ মার্চের ভয়াল রাত স্মরণে আলো নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়ে আসছে। একই সঙ্গে অনেক স্থানে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচিও দেখা যায়।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নৃশংস অভিযান চালিয়ে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে। সেই কালরাতের স্মৃতিকে ধারণ করেই জাতি পরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ।
২৫ মার্চ দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এখনো কোনো মতামত নেই।