কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ নিয়ে এক পর্যালোচনাসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি জানান, ‘কৃষক কার্ড’ চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের কাছে সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া, যাতে তারা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সুবিধা পান।
পবিত্র শবে কদরের ছুটির দিনেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে সকাল ১১টার দিকে সভায় যোগ দেন। সেখানে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ঢাকা মহানগরের উন্নয়ন নিয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি নিয়মিতভাবে চলমান কাজের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে অবহিত থাকতে চান।
ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এখনো কোনো মতামত নেই।