হরমুজ প্রণালিতে উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময় শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে তেলবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব মোকাবিলার অংশ হিসেবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবিলার বিষয়টিও এই সিদ্ধান্তের পেছনে বিবেচনায় রাখা হয়েছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ মার্চের মধ্যে জাহাজে বোঝাই করা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে সরবরাহ করা যাবে।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি খাতে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথ ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করে থাকে।
এখনো কোনো মতামত নেই।