ঢাকার ধামরাই পৌর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লার একটি দোতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা বাড়িটিতে গিয়ে ওই দম্পতিকে দগ্ধ অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়।
প্রতিবেশী অসীম ঘোষ জানান, রান্নার সময় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটে।
ঘটনার বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে বিস্ফোরণে রান্নাঘরের গ্যাস লাইনের রাইজার বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, লাইনে দুটি লিকেজ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনো কোনো মতামত নেই।