যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে ইরানের হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। এরই প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। এ পরিস্থিতিতে আরও ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি আগমনী (অ্যারাইভাল) এবং একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার তিনটি আগমনী ও তিনটি বহির্গামী ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। মাসকাট থেকে সালামএয়ারের অভি-৪০১ ও অভি-৪০৩ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। একই উড়োজাহাজ অভি-৪০২ ও অভি-৪০৪ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট জেদ্দা থেকে চট্টগ্রামে পৌঁছেছে এবং বিজি-১৩৫ ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২২ ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে এবং বিএস-৩২১ ফ্লাইট মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে অনেক যাত্রী নির্ধারিত সময়ে প্রবাসে যেতে পারছেন না। একইভাবে অনেক প্রবাসীও দেশে ফিরতে পারছেন না।
এখনো কোনো মতামত নেই।