ইরানের ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য প্রয়োজন হলে ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে যেসব দেশ হুমকির মুখে রয়েছে, তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত কিয়েভ। এ লক্ষ্যেই ইউক্রেনের সামরিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সেখানে পাঠানোর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
জেলেনস্কি জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। গতকাল তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গে কথা বলেন এবং আজ জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে যাতে মিত্র দেশগুলোকে সহায়তা করা যায়, তবে একই সঙ্গে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা যেন দুর্বল না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জীবন রক্ষা করা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব। সেই লক্ষ্যেই ইউক্রেন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
বর্তমানে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন দেশের মধ্যে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে ইউক্রেনের এ ধরনের সহযোগিতার প্রস্তাব আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে।
সূত্র: বিবিসি