হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেবিদ্বারে কেউ চাঁদা তুলতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ উপজেলায় কোনো চাঁদাবাজের স্থান হবে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর রাতে নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার দেবিদ্বারে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, কোনো ইজারাদার নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অর্থ আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্কবার্তাও দেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, কাঁচাবাজারের ইজারা নির্দিষ্ট এলাকার জন্য দেওয়া হয়েছে। ওই সীমানার বাইরে গিয়ে কেউ অর্থ আদায় করলে তা বরদাশত করা হবে না। জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করবে এমন নির্দেশনাও দেন তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। চাঁদাবাজদের আশ্রয় বা সহযোগিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শপথের পরপরই নিজ এলাকায় এসে বিভিন্ন গ্রাম পরিদর্শন করছেন এই সংসদ সদস্য। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন তিনি। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে আগামী মার্চের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার সকাল থেকে উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি।
এখনো কোনো মতামত নেই।