বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বল্প সময়ের জন্য দেশ ছেড়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই সফরে গেছেন বিসিবি সভাপতি।
প্রায় এক সপ্তাহ পর তার দেশে ফেরার কথা রয়েছে। যাওয়ার আগে বোর্ড পরিচালকদের খুদে বার্তায় তিনি সফরের বিষয়টি অবহিত করেন এবং নিজ নিজ কমিটির কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।
দেশের বাইরে থাকলেও প্রশাসনিক কাজে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বুলবুল। অস্ট্রেলিয়া থেকেই তিনি অনলাইনে বোর্ডের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি আশ্বাস দিয়েছেন, “শিগগিরই ফিরছি।”
বোর্ডের চলমান কার্যক্রমে এই সফরের কোনো প্রভাব পড়বে না বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।