বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ১১ দলীয় জোটের নির্বাচিত প্রার্থীরা। একই সঙ্গে সংসদে উপস্থিতি বজায় রেখে রাজপথেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হামিদুর রহমান আযাদ।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ভোট গণনা ও ফলাফল ঘোষণায় নানা অসঙ্গতির অভিযোগ তুলে ৩২টি আসনে পুনর্গণনার আবেদন করেছে জোট।
তিনি বলেন, কমিশন কার্যকর পদক্ষেপ না নিলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তুতি রয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো নানা অনুষঙ্গ ছিল বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত গেজেট প্রকাশের পেছনে ভিন্ন কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও জানান।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, অনেক এলাকায় ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না এবং ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর নির্দিষ্ট সময় পার হলেও কিছু কেন্দ্রে ভোটের হার কম দেখা গেলেও চূড়ান্ত ফলে অস্বাভাবিকভাবে বেশি ভোট দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি। এতে অতিরিক্ত ব্যালট ব্যবহারের প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন।
ভোট গণনার সময় কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া বা নিষ্ক্রিয় করে রাখার অভিযোগও তোলেন তিনি। অভিযোগ করলে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন। তার ভাষ্য, সুষ্ঠু গণনার পরিবেশ ব্যাহত হওয়ায় ফলাফলে তার প্রভাব পড়েছে।
ফলাফল শিটে ঘষামাজা, কাটাকাটি ও ওভাররাইটিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, কিছু কেন্দ্রে মূল এজেন্টের স্বাক্ষরও নেওয়া হয়নি। এমনকি একটি আসনে ফলাফল শিট পেন্সিলে লেখা হয়েছে বলেও দাবি করেন।
এদিকে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদে অংশগ্রহণের পাশাপাশি রাজপথে সক্রিয় থাকার কৌশল আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
এখনো কোনো মতামত নেই।