ইংলিশ ফুটবলে বিরল এক ঘটনার জন্ম দিয়েছেন ট্রানমেয়ার রোভার্সের তরুণ ডিফেন্ডার ববি ফকনার। দলের মূল গোলরক্ষক চোটে মাঠ ছাড়ার পর গ্লাভস হাতে নিজেই গোলবারের দায়িত্ব নিয়ে নিশ্চিত হার থেকে দলকে রক্ষা করেছেন তিনি।
পোর্ট ভেলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ট্রানমেয়ারের গোলরক্ষক হ্যারিসন মেল। কিন্তু ডাগআউটে কোনো বিকল্প গোলরক্ষক না থাকায় চরম সংকটে পড়ে দলটি।
এমন পরিস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন ২১ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার ববি ফকনার। দলের প্রয়োজনে তিনি পোস্টের নিচে দাঁড়িয়ে গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। তখন ট্রানমেয়ার ১-০ গোলে পিছিয়ে ছিল।
পেশাদার ফুটবলে গোলরক্ষক হিসেবে খেলার কোনো অভিজ্ঞতা না থাকলেও ম্যাচের বাকি সময় অসাধারণ পারফরম্যান্স উপহার দেন ফকনার। প্রতিপক্ষের একাধিক বিপজ্জনক আক্রমণ ঠেকানোর পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে উঁচু বলগুলোও নিয়ন্ত্রণে রাখেন তিনি।
দ্বিতীয়ার্ধে তার দৃঢ়তায় আর কোনো গোল হজম করতে হয়নি ট্রানমেয়ারকে। বরং ফকনারের অনুপ্রেরণায় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরতে সক্ষম হয় দলটি।
একজন ডিফেন্ডারের গোলরক্ষক হয়ে এমন সাহসী ও কার্যকর পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছেন ববি ফকনার, যিনি দলের প্রয়োজনে নিজেকে নতুন ভূমিকায় প্রমাণ করে হয়েছেন ম্যাচের অন্যতম নায়ক।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।