মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থান করায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
বুধবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারও দেশের একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।