দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রোগীর প্রতি চিকিৎসকের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। চিকিৎসক, রোগী ও তাদের স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, শিশুস্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ ধারাবাহিকতায় আগামী অক্টোবর মাসে দেশের পাঁচটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সাফল্য শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর করে না; বরং চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে ওঠে।
এর আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।