প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠকে অ্যামচেম প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে কাজ করছে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশকে আরও উন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় গন্তব্য এবং তাদের বিনিয়োগ কার্যক্রম সহজ করতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।