নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তির গলায় অস্ত্রের আঘাত, হত্যাচেষ্টার অভিযোগ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তির নাম সালেহ আহমেদ (৫০)। তিনি সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং পেশায় স-মিলের মিস্ত্রি।
সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন। এর আগে রোববার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সালেহ আহমেদের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, চুরি করতে ঘরে ঢোকা এক ব্যক্তি সালেহ আহমেদকে জবাইয়ের চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে কোনো মালামাল খোয়া না যাওয়ায় ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।