‘টক্সিক’ নিয়ে মুখ খুললেন ইয়াশ, স্ত্রী রাধিকাকে জানালেন বিশেষ কৃতজ্ঞতা
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইয়াশ তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-কে ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ছবিটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তিনি জানান, এই সিনেমার জন্য তাকে শারীরিকভাবে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং বিভিন্ন লুক ধারণে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।
ইয়াশ বলেন, চরিত্রের প্রয়োজনেই তাকে নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বের হয়ে কাজ করতে হয়েছে। এ সময় কঠিন যাত্রায় পাশে থাকার জন্য স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অভিনেতার ভাষায়, “আমার স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমার সঙ্গে থাকা সহজ নয়। এই ছবির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে এবং একাধিক ভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করতে হয়েছে। পুরো সময়জুড়ে রাধিকা আমার সবচেয়ে বড় সমর্থন ছিল।”
এদিকে ‘টক্সিক’ ছবিতে সার্কাস শিল্পী নাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি ছবির ‘তাবাহি’ গান প্রকাশের পর ইয়াশ ও কিয়ারার কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ইয়াশ বলেন, একজন শিল্পীর উচিত নেতিবাচক মন্তব্যের চেয়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকা। সমালোচনা আসবেই, তবে নিজের বিশ্বাস ও সৃজনশীলতার প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে হবে। সময়ের সঙ্গে দর্শক ভালো কাজের মূল্যায়ন করেন বলেও মন্তব্য করেন তিনি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ একটি অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা। এটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও হিন্দি, তেলুগু, তামিল এবং মালায়ালাম ভাষায়ও মুক্তি পাবে।
সিনেমাটিতে ইয়াশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কোরেশি। বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।