বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদে বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করায় এবার রাষ্ট্রপতি পদে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের ইতিহাসে এটি হবে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ।
রোববার ১১ দলীয় জোটের বৈঠক শেষে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেন।
অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। রোববার সকালে নির্বাচন কমিশন ভবন থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে দলটির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল ১৯৯১ সালে। সে সময় সংসদ সদস্যদের ভোটে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর সব রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বর্তমানে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি আসন থাকায় দলটির সমর্থিত প্রার্থীর জয়লাভের সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।