প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন।
সভায় আগামী সেপ্টেম্বরে দেশব্যাপী অনুষ্ঠিতব্য এই ফুটবল টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলে ও মেয়ে—উভয় বিভাগের জন্য পৃথক দল অংশগ্রহণের সুযোগ পাবে।
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন হতে যাচ্ছে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত মনোভাব এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সমান সুযোগ পাবে।
এ সময় তিনি প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সভায় আরও জানানো হয়, প্রতিযোগিতা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, মাসকট, রিলস, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। এসব বিভাগে সেরা সৃষ্টিগুলোকে পুরস্কৃত করা হবে।
এছাড়া মাঠ প্রস্তুতি, নিরাপত্তা, প্রচারণা এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, দেশের প্রতিটি অঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে সারা বছরজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজন পরিচালনা করবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।