রাজধানীর মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। তদন্ত শেষে তিনি জানান, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ঘটনার সময় সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত না থাকা বা অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অভিযোগপত্রে শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, হাবিবুর রহমানসহ আওয়ামী লীগ ও পুলিশের সাবেক কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম রয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন দমনে পরিকল্পিতভাবে ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল। অভিযোগে উল্লেখ করা হয়, আন্দোলন দমন করতে উসকানিমূলক বক্তব্য ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে মিরপুর-১০ গোলচত্বরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রাকিব হোসেন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার বাবা মো. আবু বক্কর সিদ্দিক্ক মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাকিবের বাবা বলেন, তিনি অভিযোগপত্র দাখিলের বিষয়টি আগে জানতেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।