সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ পরিবর্তন কার্যকর হলে সম্পত্তি-সংক্রান্ত পারিবারিক বিরোধ ও দেওয়ানি মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
আইনমন্ত্রী জানান, বর্তমানে হেবা করার পর সম্পত্তির নিয়ন্ত্রণ পুরোপুরি সন্তানের হাতে চলে যায়। ফলে অনেক ক্ষেত্রে বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর অধিকার হারিয়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
এই পরিস্থিতি মোকাবিলায় ‘সম্পত্তি হস্তান্তর আইন’-এ জীবনস্বত্ব (Usufruct Right) যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার। এতে সন্তানকে সম্পত্তি উপহার দিলেও বাবা-মা জীবদ্দশায় সেটি ব্যবহার ও ভোগদখলের অধিকার নিজের কাছে রাখতে পারবেন।
প্রস্তাব অনুযায়ী, বাবা-মা জীবিত থাকা অবস্থায় উভয় পক্ষের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না। তবে চিকিৎসার মতো বিশেষ প্রয়োজনে জেলা জজের অনুমতি নিয়ে সম্পত্তি বিক্রির সুযোগ রাখা হবে।
সরকারের আশা, এ সংশোধনের মাধ্যমে পারিবারিক বিরোধ কমবে এবং সম্পত্তি-সংক্রান্ত মামলাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।