জযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর বিষয়েও সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গত বছর হজের বিমান টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, হজের সামগ্রিক ব্যয় কমাতে সৌদি বিমানবন্দরের নির্মাণ কর হ্রাসের অনুরোধও জানানো হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের জন্য সাশ্রয়ী, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা কারসাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষ হজ এজেন্সিগুলোর প্যাকেজ, প্রয়োজনীয় তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ এবং নির্বাচিত প্যাকেজে বিশেষ ছাড় পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।