যশোর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১১টার দিকে যশোর থেকে ডেভিড ইমনসহ চারজনকে চট্টগ্রামে আনা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন অস্ত্র গোপন করে রাখার তথ্য দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।