ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না করেই ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। হলুদ জার্সির জন্য আমি সর্বোচ্চটা দিয়েছি। অনেক স্মরণীয় মুহূর্ত পেয়েছি, কিন্তু এখন আর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাই না।”
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করছেন তিনি।
তবে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল এই তারকার। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর থেকেই তার অবসরের গুঞ্জন শুরু হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
এদিকে সতীর্থদের সঙ্গে বিরূপ আচরণের সাম্প্রতিক অভিযোগও নাকচ করেছেন নেইমার। তিনি বলেন, অধিনায়ক হিসেবে ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক আলোচনা করেছিলেন, কিন্তু সেটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।