সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি সমগ্র জাতির অর্জন। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।
বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণের ভোটে সেই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। তিনি জানান, সংসদের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবে রূপ দেওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতিকে আত্মসমালোচনা ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনার পথও দেখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কেন্দ্র বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভূমিকার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছে। তার দাবি, বিএনপির নেতৃত্বেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়।
ঢাকা কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও এখানকার শিক্ষার্থীরাই দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেনসহ বর্তমান ও সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।