অস্কারজয়ী হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান আবারও ভারতীয় সিনেমার প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেছেন। এবার তিনি প্রশংসায় ভাসিয়েছেন বিশ্ববরেণ্য বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে এবং তার কালজয়ী সৃষ্টি ‘অপু ট্রিলজি’র প্রতি গভীর মুগ্ধতার কথা জানিয়েছেন।
সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শনের সময় নোলান নিজের সংগ্রহের জন্য সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’ বেছে নেন। এ সময় তিনি বলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে সত্যজিৎ রায় অন্যতম সেরা নির্মাতা এবং তার ‘পথের পাঁচালী’ তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।
ক্রাইটেরিয়ন কালেকশন বিশ্বের এক হাজারেরও বেশি ক্লাসিক চলচ্চিত্র সংরক্ষণ করে। এখানে নিয়মিতই বিশ্বখ্যাত নির্মাতা, অভিনেতা ও শিল্পীরা এসে তাদের প্রিয় সিনেমা বেছে নেন এবং সেসব চলচ্চিত্রের স্মৃতি ও প্রভাব নিয়ে কথা বলেন।
ক্রাইটেরিয়ন কালেকশনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিভিন্ন চলচ্চিত্র ঘুরে দেখার সময় নোলান ‘দি অপু ট্রিলজি’র সামনে থেমে সেটি হাতে তুলে নেন। এরপর তিনি বলেন, ‘পথের পাঁচালী’ অসাধারণ একটি চলচ্চিত্র এবং এটি দেখার পর তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পাশাপাশি জানান, ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় পর্ব এখনো তার দেখা হয়নি। তাই পুরো গল্পটি শেষ করার জন্য তিনি এই সংগ্রহটি সঙ্গে নিয়ে যেতে আগ্রহী।
১৯৫৫ সালে মুক্তি পাওয়া ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়। গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্র বাস্তবধর্মী গল্প বলার শৈলী ও আবেগঘন উপস্থাপনার জন্য বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে। এখনও এটি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।
পরে ১৯৫৬ সালে ‘অপরাজিত’ এবং ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ মুক্তির মাধ্যমে ‘অপু ট্রিলজি’ সম্পূর্ণ হয়। এই তিনটি চলচ্চিত্রই বিশ্ব চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অনন্য অবদানের স্বাক্ষর বহন করে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।