মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনার মধ্যেও ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল বিক্রির দাবি করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধকালীন সময় এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মিলিয়ে এই পরিমাণ তেল রপ্তানি করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ইরানের তেল মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং যুদ্ধবিরতির সময় ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করেছে দেশটি।
মন্ত্রণালয়ের দাবি, বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতার মধ্যেও এই আয় চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত তেল খাতের রাজস্ব লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের বেশি পূরণ করেছে।
তবে এই দাবিকে ঘিরে প্রশ্নও উঠেছে। কারণ, গত জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ সমন্বয়ক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কঠোর বন্দর অবরোধ ও নজরদারির কারণে ইরান কার্যত তেল রপ্তানি করতে পারেনি।
এদিকে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ভেতরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘাতের সূচনা হয়। পরে ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়।
পরবর্তীতে এপ্রিল মাসে একটি সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও, জুলাইয়ের শুরু থেকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়।
ইরানের তেল বিক্রির দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক সংস্থা বা সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।