নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল কক্ষে ইমন একাই থাকতেন। শুক্রবার রাত থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ না হওয়ায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে গিয়ে দরজায় একাধিকবার ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে অন্যান্য শিক্ষার্থীর সহায়তায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।