বাগেরহাট শহরে বাড়ি ফেরার পথে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাজ শেষে শহর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনজীবী নিজাম উদ্দিনকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।