চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয়দের ধাওয়ার মুখে বিপুল পরিমাণ ইয়াবা ফেলে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে সন্দেহভাজন মাদক কারবারিদের বিরুদ্ধে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে থাকা ইয়াবার বড় একটি অংশ স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকেরা কুড়িয়ে নেন। এ সময় অনেক ইয়াবা চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নষ্টও হয়।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দুটি মোটরসাইকেল থামিয়ে দুই ব্যক্তি কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা এগিয়ে যান। একপর্যায়ে ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে সেখানে নীল প্লাস্টিকে মোড়ানো কয়েকটি প্যাকেট এবং সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাজার হাজার ইয়াবা ট্যাবলেট দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জনি জানান, ঘটনাস্থল থেকে নীল প্লাস্টিকে মোড়ানো ১০ থেকে ১২টি প্যাকেট এবং রাস্তা থেকে শতাধিক ইয়াবা কুড়িয়ে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, তিনি নিজেও রাস্তা থেকে প্রায় ২০০ থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পুলিশের কাছে জমা দিয়েছেন। তবে বিপুল পরিমাণ ইয়াবা সড়কে ছড়িয়ে থাকায় অনেকগুলো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নষ্ট হয়েছে বলেও তিনি জানান।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০ থেকে ১৫০টি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়দের ধাওয়া বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ইয়াবার প্যাকেটগুলো মহাসড়কে ফেলে পালিয়ে যায়। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।