ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে পরবর্তী আলোচনার কোনো অর্থ নেই।
শনিবার (২৫ জুলাই) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা একচুলও সরে আসবেন না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে পরবর্তী বৈঠক অর্থহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান।
এর আগে শুক্রবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের প্রায় দুই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক অবস্থান জানালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
জেপি নাড্ডা বৈঠক শেষে জানান, বিষয়টি নিয়ে সরকারের অভ্যন্তরে আলোচনা শেষে শনিবার আবারও উভয় পক্ষ বৈঠকে বসবে।
এদিকে সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পক্ষে নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষা পরিচালনা সংস্থা এনটিএর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত, শিক্ষাসচিবকে পরিবর্তন এবং প্রশ্নপত্র ফাঁস রোধে ফাস্ট ট্র্যাক আদালত ও কঠোর শাস্তির বিধান আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সিজেপির দাবি, এসব প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের মতে, পুরো ঘটনার জন্য রাজনৈতিকভাবে চূড়ান্ত জবাবদিহিতা শিক্ষামন্ত্রীরই হওয়া উচিত। তাই তার পদত্যাগ ছাড়া আন্দোলনের দাবিগুলো পূরণ হয়েছে বলে তারা মনে করছে না।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।