চুয়াডাঙ্গায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে নারী-শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেসের একটি বাস সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ১৯ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একই পরিবারের নারী ও শিশুসহ সাতজন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।