সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয় এবং দুপুরে আদালতে তোলা হবে বলে জানায় প্রসিকিউশন।
প্রসিকিউশনের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত মঙ্গলবার মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেয়।
প্রসিকিউশন জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্যও আবেদন করা হবে।
এর আগে গত ২১ জুলাই মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চাইলেও আদালত নতুন কোনো তারিখ নির্ধারণ করেননি।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় সামরিক আদালতে বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়। মোজাফফর হোসেন ছিলেন সেই মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।