বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো (এমি) মার্তিনেজ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে বুয়েনস এইরেসে ফিরে সমর্থকদের অভ্যর্থনা পাওয়ার পর ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দেন তিনি।
মার্তিনেজ লিখেছেন, ‘স্বপ্ন ছিল আবারও বিশ্বকাপ জিতে ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনব। কিন্তু এখন অনেক কিছু নিয়ে ভাবার সময়। হয়তো এটাও ভাবার সময় এসেছে, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না।’
তিনি আরও বলেন, দেশের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে পরাজয়ের কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।
৩৩ বছর বয়সী মার্তিনেজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক সেবার টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভ জিতেছিলেন। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের সেরা গোলরক্ষকের ইয়াশিন ট্রফিও নিজের করে নেন।
বর্তমানে তিনি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন। যদিও তার চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত, তবুও চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে।
২০২১ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর থেকেই মার্তিনেজ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।