অস্ট্রেলিয়ার অভিনেত্রী রেবেল উইলসনের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন সিডনির একটি আদালত। বুধবার দেওয়া রায়ে আদালত বাদী শার্লট ম্যাকইনেসকে উইলসনের আইনি খরচ বহনের নির্দেশও দিয়েছেন।
মামলাটি করেন অভিনেত্রী শার্লট ম্যাকইনেস, যিনি রেবেল উইলসনের চলচ্চিত্র ‘দ্য ডেব’-এ অভিনয় করেছিলেন। তার অভিযোগ ছিল, ২০২৪ ও ২০২৫ সালে ইনস্টাগ্রামে দেওয়া কয়েকটি পোস্টের মাধ্যমে উইলসন তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছেন।
তবে বিচারক এলিজাবেথ রেপার রায়ে বলেন, ম্যাকইনেস নিজের বক্তব্য পরিবর্তন করেছেন এমন ইঙ্গিত দেওয়া মানহানিকর হিসেবে বিবেচিত হয় না। ফলে মানহানির অভিযোগের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হয়নি।
রায়ের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রেবেল উইলসন বলেন, পুরো আইনি প্রক্রিয়া তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে তিনি সবসময় নিজের বিশ্বাস ও সঠিক মনে করা অবস্থানের পক্ষেই থাকবেন বলে জানান।
তিনি আরও বলেন, এই অধ্যায়ের সমাপ্তিতে তিনি কৃতজ্ঞ এবং বিচারক ও অস্ট্রেলিয়ার বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে টানা তিন সপ্তাহ ধরে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মামলার রায়ের পর এখন পর্যন্ত শার্লট ম্যাকইনেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।